সীতাকুণ্ডে স্টিল শিপব্রেকিং ইয়ার্ডের

বিষাক্ত গ্যাসে মৃত্যুবরণ করা সুজানগরের আলিমের বাড়িতে শোকের মাতম

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬, ০৮:৩৯ পিএম
বিষাক্ত গ্যাসে মৃত্যুবরণ করা সুজানগরের আলিমের বাড়িতে শোকের মাতম

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্টিল শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাসে মুত্যুবরণ করা পাবনার সুজানগরের আব্দুল আলিম সুজনের (৩৬) বাড়িতে চলছে শোকের মাতম। মৃত্যু সুজন উপজেলার আহম্মদপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মোহাম্মদ আলী মোল্লার বড় ছেলে। গত শুক্রবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে কর্মরত অবস্থায় বিষাক্ত গ্যাসের তোড়ে উক্ত সুজনসহ ৯জন শিপব্রেকিং কর্মকর্তা ও শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। সুজন প্রায় দুই বছর ওই স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে সহকারী সেফটি ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিল। গতকাল শনিবার সকালে সুজনের মরদেহ বাড়িতে এসে পৌঁছালে পরিবারে দেখা দেয় শোকের মাতম। বিশেষ করে সুজনের ৬বছরের শিশু ছেলে সামিউল আলিম ও ৪বছরের শিশু ছেলে সাইমন আলিম সাবিদ বাবার মরদেহ দেখে কান্না ভেঙ্গে পড়লে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় উক্ত মোহাম্মদ আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ড কর্তৃপক্ষ কর্তব্য অবহেলা করে শিপব্রেকিং শ্রমিকদের প্রয়োজনী নিরাপত্তার ব্যবস্থা না করায় আমার ছেলে সুজনের অকাল মৃত্যু হয়েছে। তিনি সরকারের কাছে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ড কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য এ.কে.এম সেলিম রেজা হাবিব সুজনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। সেই সঙ্গে তিনি উক্ত শিপব্রেকিং ইয়ার্ড কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার কারণে সুজনের মৃত্যু হলে প্রয়োজনীয় আইনী সহায়তা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে সকাল ১০টায় তাকে সৈয়দপুর স্কুল এন্ড কলেজ মাঠে জানাজার নামাজ শেষে একই গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে