রাঙ্গামাটিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালি

কাপ্তাই হ্রদ পাহাড়ের মানুষের জীবন-জীবিকার উৎস: দীপেন দেওয়ান

এফএনএস (মিল্টন বাহাদুর; রাঙ্গামাটি) :
| আপডেট: ১৬ আগস্ট, ২০২৬, ০২:১৩ পিএম | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৬, ০২:১৩ পিএম
কাপ্তাই হ্রদ পাহাড়ের মানুষের জীবন-জীবিকার উৎস: দীপেন দেওয়ান

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগষ্ট) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গন থেকে রাঙ্গামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি নেতৃত্বে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে গিয়ে শেষ হয়। এসময় মৎস্যসম্পদের সুরক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন জনপ্রতিনিধি, জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, জেলে, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি বলেন, কাপ্তাই হ্রদ শুধু মৎস্য ভান্ডার নয়, এটি পাহাড়ের মানুষের জীবন-জীবিকারও গুরুত্বপূর্ণ উৎস। এই হ্রদের মৎস্যসম্পদ রক্ষা করতে হলে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বাড়াতে অবৈধভাবে মাছ আহরণ বন্ধের পাশাপাশি হ্রদের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে। কাপ্তাই হ্রদের মৎস্যসম্পদকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে জেলেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি রাঙ্গামাটির অর্থনীতিও আরও সমৃদ্ধ হবে।

তিনি আরো বলেন, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে মৎস্যচাষিদের দক্ষতা বাড়ানো গেলে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে মৎস্য খাত আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আর সম্পদকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। তাই কাপ্তাই হ্রদের মৎস্যসম্পদ রক্ষায় পরিকল্পিত ও টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে