রাঙামাটির সদর উপজেলার মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ সড়কের পাশের দেয়ালে ধাক্কা দিয়ে উল্টে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপচালকসহ আরও দুজন। রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নানিয়ারচর উপজেলার কৃষ্ণমা ছড়ার এলাকার মেঘরানী চাকমা (৪৫), একই উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের শোভা চাকমা (৫২), রাঙামাটি শহরের আমানতবাগ এলাকার শান্তনা চাকমা (৩৮) এবং বিজয়নগর এলাকার শান্তি রঞ্জন চাকমা (৬৫)।
আহত দুজন হলেন পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫)। তাঁদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, কুতুকছড়ির সাপ্তাহিক হাটকে কেন্দ্র করে ভোরে পিকআপটি মালামাল নিয়ে কুতুকছড়ির দিকে যাচ্ছিল। মানিকছড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি সড়কের পাশের দেয়ালে ধাক্কা দিয়ে উল্টে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন শোভা চাকমার অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে চট্টগ্রামে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, দুর্ঘটনার পর হাসপাতালে তিনজনের মরদেহ আনা হয়। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত একজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছিল।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সিএনজি অটোরিকশাচালক জিকেল চাকমা জানান, তিনি দুর্ঘটনাকবলিত পিকআপটির পেছনে ছিলেন। হঠাৎ পিকআপটিকে দেয়ালে ধাক্কা লাগা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়া হয়।
আহত সুমন চাকমা বলেন, “ভোর ৫টার দিকে কুতুকছড়ির হাটে যাওয়ার জন্য মালামাল নিয়ে কল্যাণপুর থেকে রওনা দিই। সাপছড়ি মানিকছড়ি পুলিশ চেকপোস্টের কাছে পৌঁছালে হঠাৎ পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা দেয়।”
নিহত শোভা চাকমার স্বজন লিটন চাকমা বলেন, প্রতি রোববার কুতুকছড়িতে হাট বসে। শোভাও সেখানে পণ্য বিক্রির জন্য যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তাঁকে চট্টগ্রামে নেওয়ার পথে মৃত্যু হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, কুতুকছড়ির হাটে কাঁচামাল নেওয়ার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে তিনজন মারা যান। গুরুতর আহত একজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ওসি আরও বলেন, আহত দুজন রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর জানান, দুর্ঘটনার পর মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় শোভা চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তাঁর মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান রাঙামাটি জেনারেল হাসপাতালে যান। সেখানে তিনি নিহত ও আহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।