বাগেরহাটের চিতলমারী উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় "জাতীয় মৎস্য সপ্তাহ" উদযাপিত হয়েছে। “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে উপজেলা মৎস্য দপ্তর বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে। সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অত:পর দেশীয় মাছের বংশবৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদের পুকুর ও স্থানীয় উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সফল হওয়া ৩ জন শ্রেষ্ঠ মৎস্য চাষি ও উদ্যোক্তাকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফেরদৌস আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি অফিসার সিফাত আল মারুফ, থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার বোস এবং স্থানীয় রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা বক্তব্য রাখেন। বক্তারা নিরাপদ মৎস্য উৎপাদনের মাধ্যমে দেশের প্রোটিনের চাহিদা পূরণ ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের ওপর জোর দেন।