ফ্যাসিষ্ট সরকার আমলে

চিকিৎসা খাতকে চরম অবহেলা ও লুটপাট করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ১৬ আগস্ট, ২০২৬, ০৬:১৬ পিএম | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৬, ০৬:১৬ পিএম
চিকিৎসা খাতকে চরম অবহেলা ও লুটপাট করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, গত ১৭ বছর ফ্যাসিষ্ট সরকার আমলে চিকিৎসা খাতকে চরম অবহেলা ও লুটপাট করা হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে আগামী ৩ বছরের মধ্যে দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যা বিশিষ্ট করা হবে। তিনি আজ ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর পরিদর্শন শেষে দুপুর ২ টার দিকে কালীগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসক সংকট রোধে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। স্বাস্থ্যখাতকে গতিশীল করতে দেশে নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হচ্ছে। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। এসময়ে উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আল মামুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন সহ  স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।