খুলনার রূপসায় ইট ভাটায় চাঞ্চল্যকর ফখরুল হত্যা মামলার প্রধান অভিযুক্ত ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে গ্রেফতার করেছে র্যাব-৬। রবিবার (১৬ আগস্ট) রাত ৩টায় র্যাব-৬, স্পেশাল কোম্পানি ও সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল যশোর জেলার সদর থানাধীন সীতারামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রূপসা থানার চাঞ্চল্যকর ফখরুল ইসলাম (৩২) হত্যা মামলার প্রধান অভিযুক্ত ও শুটার ইব্রাহিম ওরফে কাটাপ্পা (৩৪)কে গ্রেফতার করে।
মামলার এজাহার বিশ্লেষণে জানা যায়, গত ১২ আগস্ট রাতে ভিকটিম ফখরুল ইসলাম (৩২), রূপসা থানাধীন "মেসার্স রূপসা ব্রিকস" নামীয় নিজেদের প্রতিষ্ঠানের অফিসে অবস্থানকালে অজ্ঞাতনামা আসামিরা এলোপাতাড়ি গুলি করে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় ভিকটিমকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত বলে ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই ফরহাদ হোসেন রূপসা থানায় অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম ওরফে কাটাপ্পা উক্ত হত্যার বিষয়ে তার সম্পৃক্ততা কথা স্বীকার করেন। ঘটনার দিন ইব্রাহিম কাটাপ্পা ভিকটিম ফখরুলকে পিস্তল দিয়ে গুলি করা বিষয়ে স্বীকারোক্তি প্রদান করেন। জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্য আসামিদের নাম সংগ্রহ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিকে খুলনা জেলার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।