শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন, একজনের ৩ মাসের কারাদণ্ড

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৬, ০৩:২৫ পিএম
শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন, একজনের ৩ মাসের কারাদণ্ড

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে মো. ছাতির মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ আগস্ট) সকালে শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম ভাড়াউড়া এলাকার রুপশপুরের চিড়িয়াখানা রোড ও মৌলভীবাজার রোডের ৫ নম্বর পুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পশ্চিম ভাড়াউড়ার রুপশপুর এলাকার চিড়িয়াখানা রোডে অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুল ইসলাম। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা ছড়ার অন্য পাশ দিয়ে পালিয়ে যায়। ফলে ওই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি এবং কোনো অর্থদণ্ড বা কারাদণ্ডও দেওয়া যায়নি। পরে মৌলভীবাজার রোডের ৫ নম্বর পুল এলাকায় অভিযান চালানোর সময় বালু উত্তোলনরত অবস্থায় মো. ছাতির মিয়াকে হাতেনাতে আটক করা হয়। তিনি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কালাপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে।

আটক ছাতির মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনাকারী শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের ওপর বিরূপ প্রভাব পড়ে। এ ধরনের কার্যক্রম বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে