গত ১৫ আগষ্ট রাতে রাজধানীর ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের হাতে আটক হন দুই নারী। তাদের মধ্যে একজন হলেন সুমা বড়াল। এই সুমা বড়ালকে নিয়ে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেরই প্রশ্ন কে এই সুমা বড়াল ? কি তার পরিচয়, এমন প্রশ্ন চারিদিকে ঘুরপাক খাচ্ছে।
এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, বাগেরহাটের চিতলমারী উপজেলার কুরমণি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত প্রতুল কুমার বড়ালের মেয়ে সুমা বড়াল ওরফে ডলি। তারা দুই বোন ও তাদের এক ভাই রয়েছে । সুমা বড়াল সবার ছোট। তার মায়ের নাম সাধনা বড়াল। সুমা বড়াল চিতলমারী হাসিনা বেগম বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি বাগেরহাট খানজাহান আলী কলেজ থেকে ডিগ্রী পাশ করে বর্তমানে ঢাকায় আইন বিভাগে পড়াশুনা করছেন। এখনো অবিবাহিত সে। ভাইয়ের সাথে একই সংসারে আছেন।
গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা ভাস্কর্য জড়িয়ে ধরে কান্না করতে দেখা গেছে সুমা বড়ালকে। এটির ভিডিও তার ফেসবুকে পোস্ট করেছেন তিনি। এছাড়া এদিন রাতে সুমা বড়াল ও তার সাথে আরেক নারী জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাত রাজধানীর ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে গিয়ে জনগণের তোপের মুখে পড়েন। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে তাদের বিরুদ্ধে ধানমন্ডি মডেল থানায় একটি মামলা হয়েছে। তাদের এসব কার্যকলাপ দেখে অনেকে ওই দুই নারীকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী বলে আখ্যা দিয়েছেন। তাদের বিচার দাবি করেছেন অনেকে। বিষয়টি বর্তমানে ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদেশে ভাইরাল হয়েছে।
বর্তমান সরকারের অনেক মন্ত্রী ও এমপিদের সাথে সুমা বড়ালের পোস্ট করা অসংখ্য ছবি দেখা গেছে তার ফেসবুকে। তার পোস্ট করা ভিডিওতে বলতে শোনা গেছে, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে লড়াই করেছি। আমি কোন দলের নই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এটাই আমার বড় পরিচয়। এছাড়া সুমা বড়াল বিএনপির শীর্ষ নেতাদের বাসায় গিয়ে তাদের সাথে অসংখ্য ছবি তুলছেন। ছবিতে মন্ত্রী-এমপিরা রয়েছেন তার সাথে। অন্যদিকে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হয়েছেন তিনি। বিষয়টি জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বাস্তবে সুমা বড়াল কোন দলের রাজনীতির সাথে যুক্ত আছেন।
এ ব্যাপারে সুমা বড়ালের প্রতিবেশি বিনয় পাল, সমীরন বাইনসহ অনেকের সাথে কথা হলে তারা জানান, সুমা বড়ালকে কোন রাজনীতির সাথে যুক্ত হতে দেখিনি। সে অনেকটা প্রতিবাদি মেয়ে। এলাকায় তার বিরুদ্ধে কোন অভিযোগ শুনিনি।
সুমা বড়ালের ভাই লিটন বড়াল জানান, তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। কোন রাজনৈতিক দলের সাথে তাদের পরিবার যুক্ত নয়। তার বোন সুমা বড়াল বর্তমানে ঢাকায় একটি আইন কলেজে পড়াশুনা করছে। এ বিষয়ে চিতলমারী থানার ওসি মো. শহিদুর রহমান জানান, সুমা বড়ালের বিরুদ্ধে থানায় কোন অভিযোগ বা মামলা নেই। অন্যান্য বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।