হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৯১৫

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৬, ০৪:৩৪ পিএম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৯১৫
ছবি: সংগ্রহীত

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩১ জন। এর মধ্যে ৫০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং ৯৮১ জনের হামের উপসর্গ রয়েছে।

সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব এটি।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া সাত শিশুর মধ্যে ঢাকা বিভাগের পাঁচজন, বরিশাল বিভাগের একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন। একই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৯১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮১৬ জন। আর নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ৯৯ জনের।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৩০ জনে।

একই সময়ে ৯৮১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গসহ মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৮৬ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন রোগীর সংখ্যা ১ হাজার ৩১ জন হওয়ায় দেশে চলমান হাম পরিস্থিতির সর্বশেষ চিত্রে আক্রান্তের চাপ অব্যাহত থাকার তথ্য উঠে এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে