নতুন মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদন
| আপডেট: ১৭ আগস্ট, ২০২৬, ০৪:৫৪ পিএম | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৬, ০৪:৫৪ পিএম
নতুন মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
ছবি: সংগ্রহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের নতুন একটি মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৪ আগস্ট তাদের ট্রাইব্যুনালে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিদ এ আদেশ দেন। শুনানি শেষে তিন সাংবাদিকের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে তাদের হাজির করার নির্দেশ দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত টকশো ও অন্যান্য অনুষ্ঠানে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন। তদন্তে এ ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে দাবি করে প্রসিকিউশন তাদের নতুন মামলায় হাজির করার আবেদন জানায়।

শুনানিতে প্রসিকিউশন আরও জানায়, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সরকারি বাসভবন গণভবনে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তার চীন সফর নিয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিন সাংবাদিক মামলায় বর্ণিত অপরাধে প্ররোচনা দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা কোটা ইস্যুতে মন্তব্য করেন এবং ‘রাজাকার’ শব্দটি ব্যবহার করেন। শিক্ষার্থীরা ওই শব্দকে অবমাননাকর হিসেবে বর্ণনা করেছিলেন। এসব মন্তব্যের জেরে ওই রাতেই বিক্ষোভ শুরু হয় বলে শুনানিতে জানানো হয়।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, ১৪ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত এই তিন সাংবাদিক ছাত্র আন্দোলনের বিরুদ্ধে একটি ‘কাউন্টার-ন্যারেটিভ’ তৈরি করেছিলেন। বিভিন্ন গণমাধ্যমে তাদের বক্তব্য ও অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টিও মামলার অভিযোগের সঙ্গে যুক্ত করা হয়েছে।

বর্তমানে তিন সাংবাদিকই বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। তাদের মধ্যে মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৪ মে গ্রেপ্তার দেখানো হয়। জুলাই আন্দোলনসংক্রান্ত কয়েকটি মামলাতেও তিনজন গ্রেপ্তার রয়েছেন।

মোজাম্মেল বাবু একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ছিলেন। শ্যামল দত্ত জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক। ফারজানা রূপা একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক।

নতুন মামলায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তিন সাংবাদিককে আগামী ২৪ আগস্ট হাজির করার নির্দেশ দিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে