ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা গাজীরটেক ইউনিয়নের চর অমরাপুর গ্রামের শেখ ইউসুফ আলী (৬০)কে নির্মম নির্যাতনের পর বিষ খাইয়ে হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গাজীরটেক ইউনিয়নের গাবতলা মোড় নামক এলাকার প্রধান সড়কে একে অপরের হাত ধরে প্রায় এক ঘন্টা দাড়িয়ে থেকে মানববন্ধন কর্মসূচী পালন করেন এলাকাবাসী। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। “প্রশাসন চুপ কেন, জবাব চাই’, ‘ইউসুফের খুনিদের ফাঁসি চাই” এ স্লোগানে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন বিক্ষোভকারীরা। এ মানববন্ধন কর্মসূচীর সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর বেপারী। বক্তব্য দেন, উপজেলার চরহাজীগঞ্জ বাজারের বণিক সমতিরি সভাপতি মোঃ কবিরুল আলম ও মোস্তফা কবির প্রমূখ। এ মানববন্ধন ও বিক্ষোভে স্থানীয় ব্যবসায়ীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নারী-পুরুষ মিলে বিভিন্ন শ্রেনীর পেশাজীবীরা অংশ নেন।
জানা যায়, উপজেলার চর অমরাপুর গ্রামে একটি নারী অপহরনের ঘটনা ফাঁস করার জ্বের ধরে গত ১ আগষ্ট রাতে বৃদ্ধ শেখ ইউসুফ আলীকে নির্জন পদ্মা পারে ডেকে নিয়ে নির্মম নির্যাতনের পর বিষ খাইয়ে দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ডালিয়া বেগম বাদী হয়ে ৭ জনকে আসামী করে চরভদ্রাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় চার আসামী গ্রেফতার হলেও বাকীরা এখনো গ্রেফতার হয়নি। তাই বাকী আসামীদের দ্রুত গ্রেফতার ও খুনীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচী সহ বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। তবে সোমবার মামলার তদন্ত কর্মকর্তা চরভদ্রাসন থানার এস আই মো. এনামুল হক বলেন, “মামলার চার আসামীকে তাৎক্ষণিক গ্রেফতার পূর্বক জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্যেও পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।”