উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা, ওএসডি করা হলো ২৬২ জনকে

নিজস্ব প্রতিবেদন
| আপডেট: ১৭ আগস্ট, ২০২৬, ০৭:০০ পিএম | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৬, ০৬:৫৯ পিএম
উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা, ওএসডি করা হলো ২৬২ জনকে

সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার ২৭৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এই পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারের ১৯০ জন কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া কৃষি, আনসার, নিরীক্ষা ও হিসাব, সমবায়, সাধারণ শিক্ষা, পরিবার পরিকল্পনা, মৎস্য, স্বাস্থ্য, তথ্য (সাধারণ), তথ্য (বেতার-অনুষ্ঠান), তথ্য (বেতার-প্রকৌশল), পশুসম্পদ, পুলিশ, ডাক, জনস্বাস্থ্য প্রকৌশল, গণপূর্ত (সিভিল), রেলওয়ে (পরিবহন ও বাণিজ্যিক), রেলওয়ে (প্রকৌশল), সড়ক ও জনপথ, পরিসংখ্যান, কর ও টেলিযোগাযোগ ক্যাডারের কর্মকর্তারাও এই পদোন্নতি পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত ২৬২ জন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রেওয়াজ অনুযায়ী, পদোন্নতির পর তাদের এই পদায়ন করা হয়। এ ছাড়া বিভিন্ন দূতাবাস ও মিশনে কর্মরত ১৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আগের দায়িত্বে বহাল রাখা হয়েছে।

প্রজ্ঞাপন জারি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম। এতে বলা হয়েছে, পদোন্নতির আদেশে কোনো কর্মকর্তার যে কর্মস্থলের নাম উল্লেখ করা হয়েছে, তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হয়ে থাকলে বর্তমানে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে পরবর্তীতে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তাদের ক্ষেত্রে জারি করা আদেশ প্রয়োজন অনুযায়ী সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সরকারের উপসচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা তাদের যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা অনলাইনে (ই-মেইল: sal@mopa.gov.bd) দাখিল করতে পারবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।

অন্যদিকে, বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৫ জনের পদোন্নতির আদেশে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় কর্মকর্তার প্রেষণ পদের বেতন স্কেল উন্নীত করে আদেশ জারি করবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা উন্নীত পদে যোগদানের তারিখ থেকে ওই পদের বেতন-ভাতা পাবেন। তবে বৈদেশিক ভাতা এবং এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস বা মিশনের মূল পদের নির্ধারিত হার প্রযোজ্য হবে।

আপনার জেলার সংবাদ পড়তে