ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭১

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৬, ০৭:১১ পিএম
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭১
ছবি: সংগ্রহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৬৭১ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৬ এবং আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ২৭২ জনে দাঁড়িয়েছে।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের দৈনিক ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের একজনের বয়স ৬ থেকে ১০ বছর এবং অন্যজনের বয়স ৩১ থেকে ৩৫ বছর। এ সময়ে মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও খুলনা বিভাগে।

নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ৬৭১ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৯৪ জন, খুলনায় ১৩৩ জন, চট্টগ্রামে ৮৩ জন, রাজশাহীতে ৯২ জন, ময়মনসিংহে ৩৫ জন, বরিশালে ৭০ জন, রংপুরে ছয়জন এবং সিলেটে তিনজন রয়েছেন।

চলতি বছরের ১৯ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৬ হাজার ২৭২ জন। এর মধ্যে ২৪ হাজার ৩৭৪ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৮২২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬২৭ জন।

চলতি বছরের আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা ৬১ দশমিক ৮ শতাংশ এবং নারী ৩৮ দশমিক ২ শতাংশ। অন্যদিকে মৃতদের মধ্যে নারীর হার বেশি। মোট মৃত্যুর ৫৭ দশমিক ৯ শতাংশ নারী এবং ৪২ দশমিক ১ শতাংশ পুরুষ।

এ বছর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরিশালে, ৪ হাজার ৬২৯ জন। এরপর চট্টগ্রামে ৪ হাজার ১৮৯ জন। ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ৩ হাজার ৪৭৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ হাজার ৬৭২ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩ হাজার ৩৩৩ জন আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া খুলনায় ৩ হাজার ৫৯৯ জন, ময়মনসিংহে ১ হাজার ২৫৮ জন, রাজশাহীতে ১ হাজার ২৬২ জন, রংপুরে ৭১১ জন এবং সিলেটে ১৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

মাসভিত্তিক হিসাবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার চিত্রও পাওয়া যাচ্ছে। মার্চে আক্রান্ত ছিলেন ৩৫৩ জন। মে মাসে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৯০৭ জনে। জুনে ৯ হাজার ২০৬ জন এবং জুলাইয়ে ১০ হাজার ৯৬২ জন আক্রান্ত হন। আগস্টের প্রথম ১৯ দিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪১ জনের চিকিৎসা হয়েছে সিটি করপোরেশন এলাকার হাসপাতালে এবং ৩৪ জনের চিকিৎসা হয়েছে সিটি করপোরেশন এলাকার বাইরের হাসপাতালে।

তুলনামূলক হিসাবে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মৃত্যু হয়েছিল ৪১৩ জনের। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

আর ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের।

আপনার জেলার সংবাদ পড়তে