ব্যবসায়ীদের উপর খবরদারি সহ্য করা হবেনা: সেলিম রেজা

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৬, ১২:০৮ পিএম
ব্যবসায়ীদের উপর খবরদারি সহ্য করা হবেনা: সেলিম রেজা

পাবনা-২আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব বলেছেন ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত অবৈধ টোল বা চাঁদা আদায়সহ  তাদের উপর কোন প্রকার খবরদারি সহ্য করা হবেনা। ব্যবসায়ীরা নির্বিঘ্নে, নিরাপদে এবং শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা করবেন। ব্যবসায়ীদের কাছ থেকে হাট ইজারাদার মাত্রাতিরিক্ত টোল আদায় করলে কিংবা কোন প্রভাবশালী মহল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা বা অবৈধ সুবিধা আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যে সকল ব্যবসায়ী ইজারাদার বা চাঁদাবাজদের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ কিংবা প্রশাসনের কাছে অভিযোগ না করে এখানে ওখানে সমালোচনা করবে তারাও ওই সকল অপকর্মকারীদের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগী বলে ধরে নেওয়া হবে। আর সেকারণে তাদেরও জবাবদিহি করতে হবে। গত বুধবার দুপুরে পাবনার সুজানগর পৌর বাজার বণিক সমিতির উদ্যোগে পৌর সবজি বাজারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি ওইসব কথা বলেন। পৌর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আজম আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ ও সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) মোঃ সাদিক আহমেদ। এতে আরো বক্তব্য রাখেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন, অধ্যক্ষ নাদের হোসেন, বিএনপি নেতা আব্দুস সালাম মোল্লা, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, ব্যবসায়ী নেতা মোঃ ইমদাদুল হক, ব্যবসায়ী  মোঃ সলিম উদ্দিন, মোঃ আবুল হোসেন, আব্দুল কদ্দুস ও রতন কুমার দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ রিয়াজ উদ্দিন মন্ডল।

আপনার জেলার সংবাদ পড়তে