শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল অজগর উদ্ধার

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৬, ০১:২৫ পিএম
শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল অজগর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি খামারে ঢ়ুকে পড়া প্রায় ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ আগস্ট ২০২৬) সকাল ১০টার দিকে উপজেলার ইছবপুর এলাকায় জসীম উদ্দিনের খামারে এ ঘটনা ঘটে। খামারের মালিক জসীম উদ্দিন জানান, সকালে হঠাৎ খামারের গরুগুলো অস্বাভাবিকভাবে চেচামেচি ও নড়াচড়া শুরু করে। গরুর চেচামেচির শব্দ শুনে তিনি খামারের ভেতরে গিয়ে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পান। অজগরটি খামারের ভেতরে ঢ়ুকে পড়ায় গবাদিপশুগুলো আতঙ্কিত হয়ে পড়ে।

গরুর নড়াচড়া ও চেচামেচির একপর্যায়ে অজগরটি খামারের ভেতর থেকে বের হয়ে বাইরে চলে আসে। বিশাল আকৃতির সাপটি দেখে খামারের লোকজনের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জসীম উদ্দিন বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট এবং ওজন প্রায় ৩০ কেজি। অজগরটিকে কোনো ধরনের আঘাত না করে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা অজগরটি শ্রীমঙ্গলে অবস্থিত  বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী সংশ্লিষ্টরা জানান, অজগর সাধারণত মানুষের জন্য আক্রমণাত্মক নয়। তবে লোকালয়ে বা খামারে ঢ়ুকে পড়লে আতঙ্কিত হয়ে মানুষ বা গবাদিপশুর ক্ষতি হতে পারে। এ ধরনের বন্যপ্রাণী দেখা গেলে না মেরে সংশ্লিষ্ট বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠনকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

আপনার জেলার সংবাদ পড়তে