রাজিবপুরে অধিকাংশ রাস্তা বেহাল, সংস্কারের অভাবে যাতায়াতে ভোগান্তি

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩৮ পিএম
রাজিবপুরে অধিকাংশ রাস্তা বেহাল, সংস্কারের অভাবে যাতায়াতে ভোগান্তি

দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার অধিকাংশ সড়ক বেহাল হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে রাস্তার পিচ ও খোয়া উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অধিকাংশ সড়কগুলো সংস্কার না করায় বর্তমানে অনেক রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ও কাদায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, কৃষকসহ সাধারণ মানুষকে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। মোহনগঞ্জ ইউনিয়নের স্থানীয় বাসিন্দা রাশেদুল ইসলাম জানান, পাটাদহ পাড়া গ্রামের সড়কটি বেহাল অবস্থার কারণে স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও গর্ত ও ভাঙাচোরা অংশের কারণে ছোট যানবাহন চলাচলেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। দ্রুত সংস্কার না করা হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। বটতলা নিবাসী তুরাব আলী জানান,বটতলা বাসষ্টান থেকে বালিয়ামারী বাজার পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত গতিতে সংস্কার দরকার।

এলাকাবাসীর দাবি, জনসাধারণের দুর্ভোগ কমাতে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো দ্রুত পরিদর্শন করে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। চর রাজিবপুর উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা রাস্তার বেহাল অবস্থা সত্যতা স্বীকার করে বলেন, আমরা পরিদর্শন করে প্রতিবাদ যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি।

আপনার জেলার সংবাদ পড়তে