শেরপুরের শ্রীবরদীতে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় একটি অটোসহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত কসমেটিকসের সিজার মূল্য ১১ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোরতা অব্যাহত থাকবে।