মাদকের সঙ্গে সম্পৃক্ততা ও সেবনের অভিযোগে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ভুট্টু গাজী ও সাধারণ সম্পাদক সুজন শেখকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর পুলিশ সুপারের নির্দেশনায় সদর মডেল থানা ও ডিবি পুলিশের একটি যৌথ দল রোববার (৬ সেপ্টেম্বর) সকালে চান্দ্রা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে হাসপাতালে ডোপ টেস্ট করা হলে দুজনেরই রিপোর্ট পজিটিভ আসে। মাদক সেবনের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক ভুট্টু গাজী চান্দ্রা চৌরাস্তার মজিব গাজীর ছেলে এবং সুজন শেখ ৮ নম্বর ওয়ার্ড চেয়ারম্যান রোড এলাকার মৃত মহিন শেখের ছেলে। এদিকে জেলা বিএনপি জানিয়েছে, দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মাদকের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ মিললে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে; এ বিষয়ে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। চাঁদপুরে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।