সৈয়দপুরে ড্রেনের ওপর পিঠা-কলার দোকান চলাচলের পথ বন্ধ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১২ পিএম
সৈয়দপুরে ড্রেনের ওপর পিঠা-কলার দোকান চলাচলের পথ বন্ধ

নীলফামারীর সৈয়দপুর শহরে চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন পথচারীরা। বিশেষ করে শহরের থানা হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌরসভার ড্রেনের ওপর পিঠা ও কলার দোকান বসিয়ে পথচারীদের চলাচলের পথ কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সৈয়দপুর থানা হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে যাওয়া সড়কটিতে প্রায় সারাক্ষণই যানজট লেগে থাকে। বিশেষ করে ট্রেন আসা-যাওয়ার সময় যানজট প্রকট আকার ধারণ করে। কোনো কোনো সময় যানজট স্বাভাবিক হতে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যায়। এ সময় অনেক পথচারী যানজট এড়িয়ে পৌরসভার ড্রেনের ওপর দিয়ে হেঁটে চলাচল করেন।

কিন্তু সম্প্রতি ওই ড্রেনের ওপর পিঠা ও কলার দোকান বসিয়ে ব্যবসা করায় বিকল্প এই পথটিও বন্ধ হয়ে গেছে। ফলে যানজটের মধ্যে পড়ে পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নারী, শিশু, বয়স্ক ও রোগীদের দুর্ভোগ আরও বেশি বলে জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, দোকানিরা সন্ধ্যা হলেই সেখানে দোকান বসিয়ে ব্যবসা শুরু করেন এবং রাত সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত তা চালু রাখেন। ব্যবসা শেষে দোকানের মালামালও ওই স্থানেই রেখে দেওয়া হয়। ফলে দিনের একটি বড় সময় পথচারীদের চলাচলের পথ দখল হয়ে থাকে।

স্থানীয়দের অভিযোগ, পথচারীদের চলাচলে সমস্যা হলেও দোকানিরা বিষয়টি আমলে নিচ্ছেন না। এ নিয়ে আপত্তি জানালেও তারা কারও কথা শুনছেন না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পথচারীদের দাবি, জনসাধারণের চলাচলের পথ দখল করে কোনো ধরনের ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া উচিত নয়। দ্রুত এসব দোকান সরিয়ে দিয়ে ড্রেনের ওপর দিয়ে পথচারীদের স্বাভাবিক চলাচলের ব্যবস্থা করা প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে পথচারীদের চলাচলের পথ সুগম করতে সৈয়দপুর পৌর কর্তৃপক্ষ ও থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ মানুষ।

আপনার জেলার সংবাদ পড়তে