তারাগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এটিএম আজহার

সাংবাদিক সমাজের দর্পণ, সংবাদে সত্য-বাস্তবতা তুলে ধরতে হবে’

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৯ পিএম
সাংবাদিক সমাজের দর্পণ, সংবাদে সত্য-বাস্তবতা তুলে ধরতে হবে’

সাংবাদিক সমাজের দর্পণ বা আয়না। সেই আয়নায় প্রকৃত প্রতিচ্ছবি তখনই প্রতিফলিত হবে, যখন সংবাদে সত্য ও বাস্তবতা তুলে ধরা হবে।’-এমন মন্তব্য করে সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় এটিএম আজহারুল ইসলাম বলেন, সমাজের নানা অসংগতি, অনিয়ম, মানুষের দুর্ভোগ ও সম্ভাবনার চিত্র সাংবাদিকদের লেখনীর মাধ্যমে উঠে আসে। সাংবাদিকরা জনগণের সঙ্গে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সেতুবন্ধন হিসেবে কাজ করেন। তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো পক্ষের প্রতি অনুরাগ বা বিরাগ নয়, সত্য ও বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, একটি সংবাদ মানুষের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আবার তথ্য যাচাই ছাড়া প্রকাশিত ভুল বা অসত্য সংবাদ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের জন্য ক্ষতির কারণ হতে পারে। এজন্য সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া জরুরি। মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা বলেন, তারাগঞ্জের মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়গুলো সংবাদমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরা প্রয়োজন। একই সঙ্গে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে জনগণের প্রত্যাশা ও বাস্তব সমস্যাগুলো তুলে ধরতে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকা জরুরি।

সাংবাদিকরা আরও বলেন, কোনো ব্যক্তি, দল বা প্রতিষ্ঠানের পক্ষে-বিপক্ষে নয়; জনগণের স্বার্থ ও সত্য তথ্যের ভিত্তিতেই সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের দায়িত্ব। স্থানীয় পর্যায়ে সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, বিদ্যুৎ, বাজারব্যবস্থা ও জনদুর্ভোগের বিষয়গুলো নিয়মিতভাবে সংবাদে উঠে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেওয়ার সুযোগ পাবে। মতবিনিময় সভায় তারাগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, বাজারব্যবস্থা ও জনদুর্ভোগসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকরা তাদের পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরেন। মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারাগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দসহ উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে