কৃষকদের মধ্যে সারের সুষম বণ্টন ও কৃত্রিম সংকট ঠেকাতে রাজশাহীর পবা উপজেলায় চালু হয়েছে ডিজিটাল সেবা ‘পবা সার ডটকম’। এর মাধ্যমে ডিলারদের কাছে সারের মজুত, বিক্রি ও অবশিষ্ট পরিমাণ অনলাইনে পর্যবেক্ষণ করা যাবে।
মঙ্গলবার পবা উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেবার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানায়, পবার প্রায় ২৫ জন ডিলারের সারের মজুত ও বিক্রির তথ্য ওয়েবসাইটে হালনাগাদ থাকবে। কোথাও অস্বাভাবিক বিক্রি হলে সতর্কবার্তা পাওয়া যাবে এবং প্রয়োজন হলে তদন্ত করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন বলেন, পর্যাপ্ত বরাদ্দ থাকলেও সুষম বণ্টনের অভাবে অনেক কৃষক প্রয়োজনীয় সার থেকে বঞ্চিত হন। নতুন এই ব্যবস্থায় অনলাইনে মজুত ও বিক্রির তথ্য নজরদারি করা যাবে।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ডিজিটাল নজরদারির মাধ্যমে কৃত্রিম সংকট ঠেকিয়ে কৃষকের কাছে সময়মতো সার পৌঁছে দেওয়া সহজ হবে। সফল হলে পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলাতেও এ ব্যবস্থা চালু করা হবে।
বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী বলেন, ভবিষ্যতে কৃষকের জমি, ফসল ও সারের চাহিদার তথ্যও এই ডিজিটাল ব্যবস্থায় যুক্ত করা প্রয়োজন। এতে সার বিতরণে স্বচ্ছতা আরও বাড়বে।