তালপত্র ফাউন্ডেশনের উদ্যোগে বাগমারায় ব্যতিক্রমী বৃক্ষরোরোণ

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১১ পিএম
তালপত্র ফাউন্ডেশনের উদ্যোগে বাগমারায় ব্যতিক্রমী বৃক্ষরোরোণ
জনসংখ্যা বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে কমছে বনভূমি। সেই সাথে কমছে বিরল প্রজাতির বৃক্ষ। এবার রাজশাহীর বাগমারা উপজেলার একদল যুবক বিলুপ্তপ্রায় বৃক্ষের বিলীন হওয়া রক্ষার্থে হাতে নিয়েছে অভিনব এক উদ্যোগ। তাদের পরিকল্পনা অনুযায়ী প্রথমে বেছে নেয়া হয় একটি গ্রাম, এরপর নির্বাচন করা হয় বিলুপ্তপ্রায় যে কোন বৃক্ষ। এবার পুরো গ্রামের প্রতিটি উঠোনে সেই বৃক্ষের একটি করে চারা রোপন করে সেই গ্রামের প্রতিকী নাম দেয়া হয় বৃক্ষটির নামেই। বাগমারার একদল স্বপ্নবাজ তরুনের স্বেচ্ছাসেবী সংগঠন "তালপত্র ফাউন্ডেশন" এর পক্ষ থেকে এবার বেছে নেয়া হয়েছে গোবিন্দপাড়া নামের একটি গ্রাম। রাজশাহীর বাগমারা উপজেলার এই গ্রামের ৮০০ টি পরিবারের ৮০০ টি উঠোনেই রোপন করা হবে একটি করে জলপাই গাছের চারা। তারপর এই গ্রামের প্রতিকী নাম দেয়া হবে "জলপাইগ্রাম গোবিন্দপাড়া"। ‎এবছর এই উদ্যোগের সাথে যুক্ত হয়েছে শিশুদেরকে বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করতে বৃক্ষরোপন বিষয়ক পত্রলেখন প্রতিযোগিতা। মাসব্যাপী স্কুলভিত্তিক ক্যাম্পেইন থেকে সেরা দশ জন ক্ষুদে পত্রলেখক পাচ্ছে ক্রেস্ট,বই,গাছ ও আকর্ষনীয় পুরস্কার। মঙ্গলবার বিকেলে তাই বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবক এবং এলাকাবাসীর অংশগ্রহনে মিলনমেলায় পরিণত হয় স্থানীয় গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদ হলরুম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ আঃ বারী সরদার। নিজ হাতে গাছ লাগিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি। এর আগে বৃক্ষরোপনের উপর সেরা পত্রলেখক শিক্ষার্থীদের হাতে স্ক্রেস্ট,গাছ ও পুরস্কার তুলে দেন। তালপত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শরিফ উদ্দিনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং অন্যান্য বক্তারা তালপত্র ফাউন্ডেশনের উত্তোরত্তোর সফলতা কামনা করেন। বিলুপ্ত প্রায় বৃক্ষ রোপনের এই ভিন্নধর্মী উদ্যোগ সারাদেশে ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করে তালপত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ মারুফ রহমান বলেন- বড় পরিসরে কাজ করতে প্রয়োজন সরকারী-বেসরকারী পৃষ্ঠপোষকতার। । জলবায়ু পরিবর্তন মোকাবেলা তথা পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসায় ভাসাচ্ছেন এলাকাবাসীও। এই তরুনদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর সবুজ দেশ, এমন প্রত্যাশাই সচেতন মহলের।
আপনার জেলার সংবাদ পড়তে