চাঁদপুর মহিলা ঐক্য পরিষদের সাথে তানিয়া ইশতিয়াকের শুভেচ্ছা বিনিময়

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৬, ০৫:৩৪ পিএম
চাঁদপুর মহিলা ঐক্য পরিষদের সাথে তানিয়া ইশতিয়াকের শুভেচ্ছা বিনিময়

চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদের নেত্রীদের সাথে এক সোহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেছেন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র সভাপতি এবং চাঁদপুর পৌরসভার আসন্ন নির্বাচনে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী তানিয়া ইশতিয়াক খান। গত ৩ অক্টোবর (শনিবার) রাতে পুরানবাজারের হরিসভা এলাকার শ্রী শ্রী রাধা মুরারি মোহন জিউর মন্দির প্রাঙ্গণে এই মতবিনিময় ও শুভেচ্ছা সভা অনুষ্ঠিত হয়। মন্দিরটিতে তৃতীয়বারের মতো আয়োজিত বাৎসরিক দেবী রক্ষা কালীপূজায় অংশ নিতে চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদের নেত্রীবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে তানিয়া ইশতিয়াক খান বলেন, "ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের নাগরিক। বাংলাদেশ অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং চাঁদপুর তার এক অনন্য রোল মডেল। ছোটবেলা থেকেই পরিবার থেকে শিক্ষা পেয়েছি মানুষকে ধর্মের বিচারে নয়, মানুষ পরিচয়ে ভালোবাসতে। সেই মানবিক আদর্শকে বুকে ধারণ করেই আমি সমাজসেবামূলক কাজ করে যাচ্ছি।"

তিনি আরও বলেন, "পুরানবাজারের মানুষ সবসময় যেকোনো সুখে-দুঃখে একে অপরের পাশে থাকে। এই ঐতিহ্য ধরে রেখেই পৌর নির্বাচনে জয়ী হয়ে প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চাই। আমার লক্ষ্য-সব ধর্মের মানুষ যেন নিজ নিজ উৎসব নির্ভয়ে ও আনন্দে পালন করতে পারে। সমাজের পিছিয়ে পড়া মানুষ ও নারীদের কল্যাণে আমার এই যাত্রা অব্যাহত থাকবে। এই মানবিক কাজে আমি মহিলা ঐক্য পরিষদের সার্বিক সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছি।"

অনুষ্ঠানে চাঁদপুর জেলা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদার এবং সদস্য সচিব সাবিত্রী রানী ঘোষ সংগঠনের পক্ষে তানিয়া ইশতিয়াক খানকে সাধুবাদ জানিয়ে বলেন, "অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক কাজের প্রতি আমাদের সবসময় পূর্ণ সমর্থন থাকবে। সামাজিক যেকোনো ভালো উদ্যোগে মহিলা ঐক্য পরিষদকে পাশে পাওয়া যাবে।" এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মহিলা ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক রাখি মজুমদার, সদস্য তৃষ্ণা দাস, প্রেমা সরকার, দীপিকা দাসসহ সংগঠনের অন্যান্য নেত্রীবৃন্দ। এছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ এবং মন্দির কমিটির নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে