শরতের শেষে নীলফামারীর সৈয়দপুরে হঠাৎ শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সঙ্গে রয়েছে হালকা ঠান্ডা বাতাস। এতে দিনের বেলাতেই আকাশ অন্ধকার ও মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে। বৃষ্টির কারণে শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে কাদা-পানি জমে চলাচলে দুর্ভোগে পড়েছেন পথচারীরা।
৮ অক্টোবর সকাল ১১টার দিকে সৈয়দপুরে বৃষ্টি শুরু হয়। এরপর থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এ রিপোর্ট লেখা পর্যন্ত অব্যাহত ছিল। আকাশ মেঘে ঢাকা থাকায় দিনের স্বাভাবিক আলোও অনেকটা কমে যায়। বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাস থাকায় শরতের আবহাওয়ায় শীতের আমেজ অনুভূত হচ্ছে।
শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে সড়কের বিভিন্ন স্থানে কাদা-পানি জমে গেছে। কোথাও কোথাও সড়কের ওপর পানি জমে থাকায় পথচারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে কাঁচা ও সংস্কারাধীন সড়কগুলোতে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে।
হঠাৎ বৃষ্টি ও ঠান্ডা আবহাওয়ার কারণে প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। রিকশা, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচল করলেও বৃষ্টির কারণে স্বাভাবিক চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শরৎকাল হলেও গত কয়েকদিন ধরে আবহাওয়ায় গরমের পাশাপাশি হঠাৎ বৃষ্টি ও ঠান্ডা বাতাস অনুভূত হচ্ছে। বৃহস্পতিবারের বৃষ্টিতে দিনের বেলায়ও ঠান্ডা পরিবেশ তৈরি হয়েছে। এদিকে বৃষ্টি আরও বাড়লে শহরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ আরও বাড়তে পারে।