"ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং অগ্নি নির্বাপন ও ভূমিকম্প মোকাবিলা মহড়া অনুষ্ঠিত হয়। সার্বিক সহযোগিতায় ছিল আটোয়ারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নি নির্বাপন মহড়া প্রদর্শন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবির, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফজলুল হক।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা বিএনপির সভাপতি এ জেডএম বজলুর রহমান জাহেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল। বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা ও পূর্বপ্রস্তুতি। সঠিক সময়ে সঠিক পদক্ষেপই ক্ষয়ক্ষতি কমাতে পারে।