পূর্ব শত্রুতার জেরে

তানোরে বিষপ্রয়োগে আদিবাসীর ধানক্ষেত বিনষ্ট, থানায় অভিযোগ

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ০২:২৫ পিএম
তানোরে বিষপ্রয়োগে আদিবাসীর ধানক্ষেত বিনষ্ট, থানায় অভিযোগ
রাজশাহীর তানোরে পূর্ব শত্রুতার জের ধরে এক আদিবাসী কৃষকের বর্গা জমিতে রোপণকৃত আমন ধানক্ষেতে ক্ষতিকর বিষপ্রয়োগ করে ফসল বিনষ্ট করার বর্বরোচিত অভিযোগ পাওয়া গেছে। গত ১৩ অক্টোবর দিবাগত রাতে উপজেলার তাতিহাটি গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকের সোনালী ফসলের স্বপ্ন এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেছে। এ ঘটনায় প্রতিকার ও ক্ষতিপূরণ চেয়ে শনিবার (১৭ অক্টোবর) তাতিহাটি গ্রামের বাসিন্দা শ্রী উজ্জল কিস্কু (২৫) বাদী হয়ে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে একই গ্রামের সরিফুল ইসলাম (৪৫) ও শ্রী ঝুপয় হেমরমকে (৪৮) বিবাদী করা হয়েছে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তাতিহাটি গ্রামের বাসিন্দা মৃত সরল কিস্কুর পুত্র শ্রী উজ্জল কিস্কু রাজশাহী শহরের বাসিন্দা মো. কবির উদ্দিনের নিকট থেকে এক বিঘা জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন। চলমান মৌসুমে তিনি ওই জমিতে "৫১" জাতের আমন ধানের আবাদ করেছিলেন। ধানগাছগুলো যখন ফলনের সোনালী স্বপ্নের জানান দিচ্ছিল, ঠিক তখনই রাতের আঁধারে ওই ক্ষেতে ক্ষতিকর বিষপ্রয়োগ করা হয়। বিষের প্রতিক্রিয়ায় পুরো ক্ষেতের ধানগাছ পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে ওই কৃষকের প্রায় ৩০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভুক্তভোগী কৃষক শ্রী উজ্জল কিস্কু বলেন, "বিবাদীদ্বয় ইতিপূর্বে আমার ভোগদখলীয় ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সরকারি সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করে। যার পরিপ্রেক্ষিতে আমি রাজশাহীর তানোর বিজ্ঞ সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করি (মামলা নম্বর- ১২৯/২০২৩ অঃপ্রঃ), যা বর্তমানে বিচারাধীন রয়েছে। ওই মামলা ও পূর্বশত্রুতার জের ধরেই ১৩ অক্টোবর দিবাগত রাতে তারা আমার লিজকৃত জমির ধানে ক্ষতিকর বিষপ্রয়োগ করে সম্পূর্ণ ফসল নষ্ট করে দিয়েছে। আমি এই অন্যায়ের সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ চাই।" এদিকে, অভিযুক্ত তাতিহাটি গ্রামের মো. ইসমাইল মন্ডলের পুত্র সরিফুল ইসলাম এবং মৃত ডবো হেমরমের পুত্র শ্রী ঝুপয় হেমরম তাদের বিরুদ্ধে আনীত অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুল হাসান বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযোগ পাওয়ার পরপরই একজন উপ-পরিদর্শককে (এসআই) সরেজমিনে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।" এদিকে কৃষকের প্রধান সম্বল ফসলের ওপর এমন হিংসাত্মক ও অনাকাঙ্ক্ষিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ কৃষকেরা। তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা, যেন ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়। 
আপনার জেলার সংবাদ পড়তে