চীন সফর থেকে দেশে ফিরেই নিজ নির্বাচনী এলাকার সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের মাঝে ছুটে এলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (২১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে চাঁদপুর জেলার কচুয়ায় আয়োজিত এক ভাবগম্ভীর শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। উল্লেখ্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে চীনে সফররত ছিলেন ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি দেশে ফেরেন। ভ্রমণের ক্লান্তি দূর না হতেই সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের শারদীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে বুধবার সকালে নিজ এলাকা কচুয়ায় ছুটে আসেন মন্ত্রী। শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা ও গণশিক্ষামন্ত্রী সবাইকে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। আবহামানকাল ধরে এখানে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের ধর্মীয় উৎসব উদ্যাপন করে আসছে। এই সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধন আমাদের জাতীয় ঐক্যের মূল ভিত্তি।" অনুষ্ঠানে বিশেষ ও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন নাহার বেবি।এ সময় কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আবু নাছির, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে মন্ত্রী বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং আয়োজকদের সার্বিক নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কচুয়াতে দুর্গাপূজা সম্পন্ন হয়।