মা ইলিশ সংরক্ষণ অভিযানে

চাঁদপুরে ২০ দিনে ১৬০টি মামলা এবং ১৮৩ জেলেকে কারাদণ্ড প্রদান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬, ০৭:৪৩ পিএম
চাঁদপুরে ২০ দিনে ১৬০টি মামলা এবং ১৮৩ জেলেকে কারাদণ্ড প্রদান

চাঁদপুর জেলায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ এর ২২ দিনের নিষেধাজ্ঞার ২০ দিন সফলভাবে অতিক্রান্ত হয়েছে। এ পর্যন্ত চাঁদপুরের মেঘনা নদীসহ বিভিন্ন এলাকায় মৎস্য বিভাগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে ১৬০টি মামলা এবং ৩ লাখ ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া আইন অমান্য করায় ১৮৩ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম স্বাক্ষরিত সর্বশেষ তথ্যচিত্র থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংযুক্ত ছবিতে দেখা যায়, জেলা ও উপজেলা টাস্কফোর্স কমিটির বাস্তবায়নে এবং প্রশাসনের কঠোর নজরদারিতে এই অভিযান পরিচালিত হচ্ছে। প্রকাশিত তথ্যচিত্রে আরও জানানো হয়, গত ২৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২০ দিনের এই অভিযানে জেলায় মোট ৯০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং ২২৯টি অভিযান চালানো হয়েছে। এই সময়ে ৩৬টি অবতরণ কেন্দ্র, ২৪৮টি মাছঘাট, ১২৫৩টি আড়ত এবং ২৬৯টি বাজার পরিদর্শন করা হয়। অভিযানে সর্বমোট ২.৭৩৯ মেট্রিক টন ইলিশ এবং একই সাথে ১১.৮৫৮ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

মা ইলিশ রক্ষায় সরকার নির্ধারিত এই বিশেষ নিষেধাজ্ঞা সফল করতে চাঁদপুর জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও পুলিশ নিয়মিতভাবে যৌথ অভিযান পরিচালনা করছে। বিশেষ করে জেলা টাস্কফোর্সের সভাপতি ও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান নিজে উপস্থিত থেকে মেঘনা নদীতে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন। এসময় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম,সদর ইউএনও জামিউল হিকমা,এসিল্যান্ড প্রত্যয় হাশেম,সদর নৌ থানার ওসি  মো. আজমগীর হোসাইন, কোস্টগার্ড প্রতিনিধিসহ অন্যরা সঙ্গে ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে