চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপির স্থানীয় কয়েকজন নেতাকর্মীর অব্যাহত অসদাচরণ, মারধর, লাঞ্ছনা ও হুমকির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সভা-সমাবেশের সকল সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। বুধবার (২৮ অক্টোবর) ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক জরুরি প্রতিবাদ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভুঁইয়ার সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর ঘটে যাওয়া একাধিক অমানবিক ও নিন্দনীয় ঘটনার বিবরণ তুলে ধরেন। জানা যায়, সম্প্রতি দৈনিক ইত্তেফাক-এর ফরিদগঞ্জ প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিনকে ফরিদগঞ্জ বাজারে সকালে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করা হয়। ঘটনার পর তৎকালীন জরুরি সভা চলাকালে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ উপস্থিত হয়ে সমঝোতার অনুরোধ জানালে সাংবাদিকরা তা মেনে নেন। তবে গতকাল মঙ্গলবার রাতে সাংবাদিক মো. মহিউদ্দিনকে পুনরায় খোঁজাখুঁজি এবং সেখানে উপস্থিত সাংবাদিক শিমুল হাসানকে মারতে উদ্যত হওয়াসহ সাংবাদিকদের কুপিয়ে খুন-জখম ও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।
এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিষদ এলাকায় তথ্য সংগ্রহের সময় দালাল চক্র ও দরপত্র (টেন্ডার) সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ এবং থানা এলাকায় নানাভাবে হুমকি ও লাঞ্ছিতের ঘটনা তুলে ধরা হয়। সমাপনী বক্তব্যে প্রেসক্লাব সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বলেন, "আমাদের সাংবাদিক ভাইদের ওপর অব্যাহত হামলা, মারধর, লাঞ্ছিত করা ও হুমকি-ধমকির প্রতিবাদে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের সকল প্রকার সভা-সমাবেশের সংবাদ অনির্দিষ্টকালের জন্য বর্জনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বর্জন বহাল থাকবে।"
তবে তিনি আরও জানান, ফরিদগঞ্জে বিএনপির নির্দিষ্ট কোনো কমিটি না থাকলেও বর্তমানে যারা নেতৃত্বে রয়েছেন, তাঁরা যদি দলীয় নেতাকর্মীদের এমন অপকর্মে লাগাম টানতে কার্যকর ভূমিকা রাখেন এবং উদ্ভূত পরিস্থিতির স্থায়ী ও সন্তোষজনক সমাধান করেন, তবে প্রেসক্লাব সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে পারে।
প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান ও নুরুন্নবী নোমান, সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও আবদুস ছোবহান লিটন, সহ-সভাপতি (ভুক্তভোগী) মো. মহিউদ্দিন ও দেলোয়ার হোসেন বেলাল, সহ-সাধারণ সম্পাদক আমিন খাঁন স্বপন, সাংগঠনিক সম্পাদক গাজী মমিন এবং কার্যনির্বাহী সদস্য শিমুল হাসানসহ সংগঠনের সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।