রায়হান হত্যা মামলা: এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ০৪:৫১ পিএম
রায়হান হত্যা মামলা: এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

সিলেটের আলোচিত রায়হান আহমদ হত্যা মামলায় প্রধান আসামি পুলিশের উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও তিনজনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ছয় আসামির মধ্যে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আশেক এলাহী আদালতে উপস্থিত ছিলেন। বাকি পাঁচ আসামি পলাতক রয়েছেন।রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন। তিনি জানান, মামলার প্রধান আসামি এসআই আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশ কনস্টেবল মো. হারুন অর রশিদ ও টিটু চন্দ্র দাসকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অন্যদিকে, পুলিশের এসআই মো. হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী ও সাংবাদিকের নাম আব্দুল্লাহ আল নোমানকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে পিপি মুমিনুল ইসলাম মোমিন বলেন, রাষ্ট্রপক্ষ প্রাথমিকভাবে এ রায়ে সন্তুষ্ট। তবে রায়টি আরও পর্যালোচনা করে প্রয়োজনে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। যেভাবে ঘটেছিল রায়হানের মৃত্যু:২০২০ সালের ১০ অক্টোবর মধ্যরাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান আহমদকে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রায়হানের স্ত্রী পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন। ঘটনার পর সিলেট মহানগর পুলিশের গঠিত অনুসন্ধান কমিটি তদন্ত করে ফাঁড়িতে নিয়ে রায়হানকে নির্যাতনের সত্যতা পায়। ওই বছরের ১২ অক্টোবর বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া তিনজনকে প্রত্যাহার করা হয়। পরে মামলার তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তের একপর্যায়ে কনস্টেবল হারুন অর রশিদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রধান অভিযুক্ত এসআই আকবরকে ২০২০ সালের ৯ নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ২০২১ সালে অভিযোগপত্র দাখিল: ২০২১ সালের ৫ মে পিবিআই এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয়। এতে এসআই আকবর হোসেন ভূঁইয়াকে প্রধান অভিযুক্ত করা হয়। অন্য অভিযুক্তরা হলেন এএসআই আশেক এলাহী, কনস্টেবল মো. হারুন অর রশিদ, টিটু চন্দ্র দাস, এসআই মো. হাসান উদ্দিন এবং আকবরের আত্মীয় ও সংবাদকর্মী আব্দুল্লাহ আল মামুন। অভিযোগপত্রে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানকে নির্যাতনের ঘটনায় তাঁদের সংশ্লিষ্টতার বিষয়টি তুলে ধরা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে