নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৩ নং রসুলপুর ইউনিয়ন পরিষদের বিদায়ী দফাদার মো. ছেরাজুল হক ও গ্রাম পুলিশ (মহল্লাদার) তোফায়েল আহমদকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘদিনের কর্মজীবন শেষে তাঁদের সম্মান জানাতে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ।
রোববার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামসুজ্জামান, ইউনিয়ন পরিষদের সব সদস্য, সচিব শফিকুর রহমানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিদায়ী দুই কর্মীর দীর্ঘদিনের দায়িত্ব পালন ও সেবার প্রতি সম্মান জানানো হয়। তাঁদের বিদায় উপলক্ষে আয়োজিত এ সংবর্ধনায় উপস্থিত ব্যক্তিরা শুভেচ্ছা ও ভালোবাসা জানান।
সংবর্ধনা শেষে বিদায়ী দফাদার ও গ্রাম পুলিশকে খোলা জিপে তুলে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজনকরা হয়। মোটরগাড়ির বহর ও ব্যান্ড পার্টির পরিবেশনায় ইউনিয়নের বিভিন্ন সড়ক এবং জমিদারহাট বাজার প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। পরে তাঁদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
বিদায়ের মুহূর্তে আবেগাপ্লুত হয়ে মো. ছেরাজুল হক ও তোফায়েল আহমদ বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তাঁদের যে সম্মান ও ভালোবাসা দিয়েছেন, তাতে তাঁরা অত্যন্ত আনন্দিত, গর্বিত ও কৃতজ্ঞ। কর্মজীবনের শেষ পর্যায়ে এমন সম্মাননা পেয়ে তাঁরা অভিভূত। এ সংবর্ধনা তাঁদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে বলেও জানান তাঁরা। স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন দায়িত্ব পালনকারী কর্মীদের প্রতি এমন সম্মান প্রদর্শন তাঁদের অবদানের স্বীকৃতি হিসেবে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।