ক্ষেতলালে ভাড়া বাড়ির শৌচাগার থেকে মাংস বিক্রেতার মরদেহ উদ্ধার

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : | প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৬, ০৫:০৬ পিএম
ক্ষেতলালে ভাড়া বাড়ির শৌচাগার থেকে মাংস বিক্রেতার মরদেহ উদ্ধার

জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার করিমপুর ত্রিমুহনী মোড় এলাকায় একটি ভাড়া বাড়ির শৌচাগার থেকে রুবেল (৫০) নামে এক মাংস বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত ৮ টায় ওই বাড়ির শৌচাগার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল কালাই উপজেলার মূলগ্রামের লালচান ওরফে মন্টুর ছেলে। তিনি পেশায় কসাই ছিলেন। প্রায় তিন মাস ধরে করিমপুর এলাকায় আবু সাঈদের বাড়ি ভাড়া নিয়ে একাই বসবাস করতেন। স্থানীয় বাজারগুলোতে গরু জবাই ও মাংস বিক্রির কাজ করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি একা থাকতেন। তাঁর হৃদরোগের সমস্যাও ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।


রুবেলের মহাজন সাহেব কসাই জানান, রোববার সন্ধ্যায় তাঁরা একসঙ্গে চা পান করেন। এরপর রুবেল বাসায় ফিরে যান। সোমবার বিকেলে তাঁর খোঁজ নিতে গিয়ে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় শৌচাগারে রুবেলের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় তাঁর শয়নকক্ষে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও পাওয়া যায়।


ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে