আরব আমিরাতে যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৬, ০৭:২১ পিএম
আরব আমিরাতে যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

আরব আমিরাতের শারজাহ শহরের একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকার নির্জন কোণ থেকে মো. হেলাল (২৫) নামে এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় নেমে এসেছে গভীর শোকের ছায়া, তৈরি হয়েছে রহস্যের ঘনঘটা। পরিবারের বুকফাটা আহাজারি-এটি আত্মহত্যা নয়, প্রিয় ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রবাসে একমাত্র উপার্জনকারী হারিয়ে দিশেহারা পরিবারটি। 

নিহত হেলাল লক্ষ্ণীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুর আলমের সন্তান। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শোকাহত পরিবার এই মর্মান্তিক খবরটি নিশ্চিত করে। প্রবাসের মাটিতে এক তরুণের এমন অকাল ও রহস্যঘেরা মৃত্যুতে পুরো পরিবারে নেমে এসেছে নীরব কান্না আর অসহায়তা।

এদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানা হয়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসে এক তরুণের এমন রহস্যজনক মৃত্যু নতুন করে প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। পরিবারের একটাই দাবি-হেলালের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনা হোক। 

পরিবার সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল শারজাহর ১০ নম্বর ইন্ডাস্ট্রিয়াল এলাকায় তার কর্মস্থলে হেলালের মরদেহ টয়লেটের ভেতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের অভিযোগ, সহকর্মী বা মালিকপক্ষের কেউ তাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করেছে।

নিহতের বাবা নুর আলম কান্নাজড়িত কণ্ঠে বলেন,আমার ছেলে কখনো আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই। বাংলাদেশ সরকারের মাধ্যমে আমিরাত সরকারের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানাই। তিনি আরও বলেন, হেলালই ছিল আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুর খবর শুনে আমাদের পরিবারে নেমে এসেছে অন্ধকার। আমরা দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করছি।

জানা গেছে, ২০২৩ সালের নভেম্বর মাসে জীবিকার সন্ধানে আরব আমিরাতে যান হেলাল। সেখানে ‘নুর আল কামাল পেইন্ট কনট্রাক্টিং’ নামের একটি প্রতিষ্ঠানে পেইন্টার হিসেবে কাজ করতেন। তার বড় ভাই ফয়সাল একই প্রতিষ্ঠানে কাজ করলেও নানা সমস্যার কারণে কিছুদিন আগে দেশে ফিরে আসেন।

 কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন,ঘটনাটি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে আসেনি। তবে আমরা খোঁজখবর নিয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।

আপনার জেলার সংবাদ পড়তে