লক্ষ্ণীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া এলাকায় শুক্রবার দুপুরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে মামলার বাদী রুনা আক্তার গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসীরা রুনা আক্তারকে এলোপাতাড়ি মারধর করে এবং লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্ণীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আহত রুনা আক্তারের মেয়ে জানান, “সন্ত্রাসীদের হামলায় আমার মা গুরুতর আহত হয়েছেন। তার মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ব্যথায় তিনি ঠিকমতো কথা বলতে পারছেন না।” রুনার মেয়ে ও স্থানীয়দের দাবি, পূর্বের একটি ইভটিজিং মামলার জেরে কামাল ও তার তিন ভাগিনাসহ কয়েকজন সন্ত্রাসী পরিকল্পিতভাবে এ হামলা চালায়। হামলাকারীরা মামলা তুলে নিতে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল বলেও অভিযোগ করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে লক্ষ্ণীপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. ওহায়েদ পারভেজ বলেন, “এ বিষয়ে আমাকে আগে কেউ অবহিত করেনি। তবে এ ধরনের ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।