টেক্সটাইল ও তৈরি পোশাক খাতে শ্রম অধিকারের বর্তমান অগ্রগতি, বিদ্যমান ঘাটতি এবং শ্রমঘন এলাকায় পরিবেশগত ও স্বাস্থ্যগত উদ্বেগ জাতীয় নীতি নির্ধারণী পর্যায়ে তুলে ধরতে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস এবং এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) এর উদ্যোগে এবং আন্তর্জাতিক প্রকল্প কনসোর্টিয়ামের সহযোগিতায় বৃহস্পতিবার এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্টে একটি বহুপাক্ষিক 'কন্টেইনার মিটিং' আয়োজন করা হয়। "বাংলাদেশে টেক্সটাইল খাতে ডিউ ডিলিজেন্স (যথাযথ সতর্কতা) বাস্তবায়ন জোরদারকরণ" শীর্ষক এই সভা গত ৩০ মাসের মাঠ পর্যায়ের পর্যবেক্ষণের তথ্য ও ফলাফল বিনিময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে । সভায় সরকারি কর্মকর্তা, মালিক পক্ষ, আন্তর্জাতিক ক্রেতা, ট্রেড ইউনিয়ন এবং নাগরিক সমাজের প্রতিনিধি ও গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন । আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল আশুলিয়া শিল্প এলাকায় বাস্তবায়িত ওয়ার্কার্স-বেসড মনিটরিং এবং কমিউনিটি-বেসড মনিটরিং পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত তথ্য। কনসোর্টিয়াম অংশীদাররা 'ডিসেন্ট ওয়ার্ক চেক' টুল ব্যবহার করে পরিচালিত ওয়ার্কার্স-বেসড মনিটরিং এর ফলাফল উপস্থাপন করেন, যা শ্রম অধিকারের বর্তমান অগ্রগতি এবং বিদ্যমান ঘাটতিগুলো তুলে ধরে । এ ছাড়া অংশগ্রহণকারীরা কমিউনিটি-বেসড মনিটরিং -এর ফলাফল নিয়ে আলোচনা করেন, যা কারখানার পার্শ্ববর্তী এলাকার পরিবেশগত ও স্বাস্থ্যগত উদ্বেগগুলোকে জাতীয় নীতি নির্ধারণী পর্যায়ে তুলে ধরেছে । সভায় পরিবর্তিত বৈশ্বিক নিয়ন্ত্রক কাঠামো এবং সরবরাহ চেইনে দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ নিশ্চিত করতে ব্র্যান্ড ও সরবরাহকারীদের ওপর ক্রমবর্ধমান চাপের বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হয় । সভায় সভাপতিত্ব করেন বিলস এর ভাইস চেয়ারম্যান আমিরুল হক আমিন। স্বাগত বক্তব্য রাখেন বিলস এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন জার্মান ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ফেমনেট ইভি এর আন্তর্জাতিক প্রকল্প প্রধান ড্যানিয়েলা বার্টশ এবং প্রকল্পের শোভন কাজ ভিত্তিক উদ্দেশ্যগুলো পর্যালোচনা করেন আন্তর্জাতিক দাতব্য সংস্থা ওয়েজ ইন্ডিকেটর এর পরিচালক ফিওনা ড্র্যাগস্ট্রা। সভায় মূল বিষয়বস্তুর ওপর আলোচনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. এ এন এম নাজমুল হক, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ আবু রাসেল, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. আবীর শাকরান মাহমুদ, মোঃ নাজমুল ইসলাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইন কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম, শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মিতসু শাওলিন, বিজিএমইএ এর প্রতিনিধি আমীর হোসেন, বিকেএমই এর প্রতিনিধি সঙ্গীতা মল্লিক, এসডো এর সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার প্রফেসর ডঃ মোঃ আবুল হাসেম, স্কপ এর যুগ্ম সমন্বয়কারী এএএম ফয়েজ হোসেন, জি-স্কপ এর যুগ্ম সমন্বয়কারী নইমুল আহসান জুয়েল, মন্ডিয়াল এফএনভি এর প্রোগ্রাম লিড রুবেন কোরেভার, আইএলও বেটার ওয়ার্ক বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার আলেনা জুনকো তানসে প্রমুখ। সভায় বক্তারা পরিবেশ দূষণ ও শ্রমিকের জীবনের পারস্পরিক সম্পর্ক এবং এর সমাধানে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, পরিবেশের অবনতি—বিশেষ করে মাটি, পানি ও বায়ু দূষণ—শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা ও জীবনমানের ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে, যা এখন ক্রমশ দৃশ্যমান হয়ে উঠছে। বিভিন্ন গবেষণা ও তথ্য সংগ্রহের মাধ্যমে শ্রমিকদের বাস্তব অবস্থা তুলে ধরা হলেও, অনেক কারখানায় ট্রেড ইউনিয়নের অভাব এবং বিদ্যমান ইউনিয়নের অকার্যকারিতা শ্রমিকদের কণ্ঠস্বরকে দুর্বল করে রেখেছে। এ প্রেক্ষাপটে শ্রমিক অধিকার, বিশেষ করে সংগঠনের স্বাধীনতা নিশ্চিত করা এবং ট্রেড ইউনিয়নকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি। একইসঙ্গে, শুধু সমস্যার চিহ্নিতকরণ নয়, বরং দূষণ প্রতিরোধে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দিতে হবে। সরকার, স্থানীয় প্রশাসন, ট্রেড ইউনিয়ন, এনজিও, আন্তর্জাতিক সংস্থা এবং শিল্পখাতসহ সকল অংশীজনের সমন্বিত ও যৌথ উদ্যোগ ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয় বলে তারা মন্তব্য করেন। কার্যকর মনিটরিং ও পর্যাপ্ত পরিদর্শনের অভাব, আইনের দুর্বল বাস্তবায়ন, আন্তর্জাতিক ক্রেতাদের প্রভাব এবং শ্রমিকদের নিরাপত্তাহীনতা—এসবই বর্তমান চ্যালেঞ্জ হিসেবে তাদের বক্তব্যে উঠে আসে। পাশাপাশি নারী অংশগ্রহণ কম থাকা, পরিবেশবান্ধব উদ্যোগের সীমাবদ্ধতা এবং বাস্তব সহায়তার ঘাটতিও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসে। বক্তারা একটি সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তুলে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, শ্রমিকদের সচেতনতা ও ক্ষমতায়ন বৃদ্ধি, এবং ডিউ ডিলিজেন্স-এর বাস্তব প্রয়োগ নিশ্চিত করার মাধ্যমে একটি টেকসই ও মানবিক কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। এই সভার অন্যতম প্রধান অর্জন ছিল প্রকল্পের পরবর্তী ধাপ পরিচালনার জন্য একটি সহযোগিতামূলক 'যৌথ কৌশল' প্রণয়ন । সভায় জোর দিয়ে বলা হয় যে, তথ্য ও ফলাফলগুলো প্রচার করা শ্রমিক, ট্রেড ইউনিয়ন এবং সরবরাহ চেইনের সাথে সংশ্লিষ্টদের মধ্যে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং সহযোগিতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । অংশগ্রহণকারীরা টেক্সটাইল ও তৈরি পোশাক খাতে টেকসই শিল্প চর্চা এবং পরিবেশগত ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনার মাধ্যমে অধিবেশনটি সম্পন্ন করেন । এই উদ্যোগটি বিলস, এসডো এবং বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) সহ জার্মান-ভিত্তিক অংশীদার ফেমনেট, সাডউইন্ড ইনস্টিটিউট, ইনকোটা-নেটওয়ার্ক, হেজ সাপোর্ট এবং নেদারল্যান্ডস-ভিত্তিক সংস্থা ওয়েজ ইন্ডিকেটর ও মন্ডিয়াল এফএনভি -এর একটি শক্তিশালী কনসোর্টিয়ামের মাধ্যমে পরিচালিত ।