প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৬, ০৬:১৭ পিএম
প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই

প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে পূর্বঘোষিত সূচি অনুযায়ী শনিবার (১৮ এপ্রিল) পরীক্ষাটি অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আগের আদেশ স্থগিত করা হয় বলে জানা গেছে।

এর আগে একই দিনে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে পরীক্ষাটি দুই মাসের জন্য স্থগিত করেছিলেন। পাশাপাশি ২৫ মার্চ জারি করা সংশোধিত বিজ্ঞপ্তির কার্যকারিতাও স্থগিত করা হয়।

রিটকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল জানান, নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতার শর্ত পরিবর্তন নিয়ে আপত্তির কারণে এই রিট করা হয়। ২৯ জানুয়ারির বিজ্ঞপ্তিতে ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হলেও পরে নীতিমালা পরিবর্তন করে তা ১৮ বছরে উন্নীত করা হয়। এতে অনেক আবেদনকারী অযোগ্য হয়ে পড়েন বলে অভিযোগ করা হয়।

এই প্রেক্ষাপটে দেশের বিভিন্ন এলাকার ১১৪ জন আবেদনকারী হাইকোর্টে রিট দায়ের করেন। তবে সর্বশেষ আদেশে চেম্বার আদালত হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করায় নির্ধারিত সময়েই পরীক্ষা আয়োজনের পথ পরিষ্কার হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে