বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান (৫৮) দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল ৬টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) মো. কামাল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় গত শনিবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।
মাহবুবুর রহমান ১৯৯৪ সালের এপ্রিল মাসে বাংলাদেশ সিভিল সার্ভিস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের ১৩তম ব্যাচে সহকারী কমিশনার হিসেবে যোগ দেন।
তিনি ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কাস্টম হাউস, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং জাতীয় রাজস্ব বোর্ডে ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার এবং অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মাহবুবুর রহমান ১৩তম বিসিএসের শুল্ক ও আবগারি ক্যাডারের কর্মকর্তা ছিলেন। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।