বরগুনার তালতলীতে ভূয়া চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখার অপরাধে আমির হোসেন খান নামের একজনকে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা ১ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে ডাক্তারের চেম্বাওে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম এ আদেশ দেন।
জানা গেছে, বাগেরহাট জেলার সরনখোলা এলাকার আমির হোসেন খান দীর্ঘদিন ধরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে একটি দোকান ঘরে 'আল-আমিন ফার্মেসি' নামে সাইনবোর্ড ঝুলিয়ে নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে কথিত ওই চিকিৎসককে হাতেনাতে আটক করেন। এ সময় আমির হোসেন স্বীকার করেন যে তাঁর কোনো সনদ নেই। তিনি কোনো দিন মেডিকেলে পড়ালেখাও করেননি। পরে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদন্ডের আদেশ দিয়ে জেলা হাজতে প্রেরন করেন। এ বিষয় তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, 'বেশ কিছুদিন ধরে একজন ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা সেবা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমির হোসেনকে আটক করি। তার কোন কোনো সনদ না থাকায় তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদন্ড দেয়া হয়।