মোহনপুরে পেট্রোল পাম্পে তেল নিতে এসে কৃষকের মৃত্যু

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৬, ০৩:৪৯ পিএম
মোহনপুরে পেট্রোল পাম্পে তেল নিতে এসে কৃষকের  মৃত্যু
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে পেট্রোল পাম্পে তেল নিতে এসে রোদে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করা অবস্থায় হিটস্ট্রোকে আব্দুল আলাম (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার সময় কেশরহাট ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত কৃষক আব্দুল আলাম মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার বাকশৈল গ্রামের মনসুর আলীর ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার বাকশৈইল গ্রামের কৃষক আব্দুল আলাম বুধবার ভোর রাত থেকে ডিজেল নিতে কেশরহাট ফিলিং স্টেশনে লাইনে দাঁড়ায়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তীব্র গরমে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় কর্মচারী ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মেসার্স কেশরহাট ফিলিং স্টেশনের মালিক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, পাম্পে তেল নিতে আাসা লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় গরমে একজন অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, তিনি পাম্পে তিল নিতে এসেছিলেন। এরপর হঠাৎ তার মৃত্যু হয়েছে বলে শুনেছি। এই ঘটনায় সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
আপনার জেলার সংবাদ পড়তে