গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১ এর পূর্বাচল ক্যাম্পের সদস্যরা।
বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে র্যাব-১ পূর্বাচল ক্যাম্পের একটি চৌকস টিম ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে উপজেলার খাড়াজোড়া এলাকায় অবস্থিত মারিয়া হোটেলে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাদের স্বীকারোক্তির ভিত্তিতে হোটেলের ক্যাশ টেবিলের নিচে স্তুপ করে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো—চাঁদপুর জেলার মতলব উপজেলার মোহনপুর গ্রামের মৃত নাঈম আলী মোল্লার ছেলে দাদন মিয়া (৩৮) এবং নাটোর সদর উপজেলার জলিল মিয়ার ছেলে শিহাব উদ্দিন (২২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে এবং তারা একটি সক্রিয় চক্রের সদস্য। উদ্ধারকৃত গাঁজা পরিবহনের মাধ্যমে তারা রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সরবরাহ করত বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (২৩ এপ্রিল) সকালে উদ্ধারকৃত গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম নিশ্চিত করে বলেন র্যাব সদস্যরা অভিযান চালিয়ে গাঁজা সহ দুইজনে গ্রেফতার করেছে। থানায় মাদক আইনে মামলা দায়ের করে আসামীদের গাজীপুর আদালতে প্রেরন করা হয়েছে।