লালপুরে স্বামী-স্ত্রীসহ ৬ জন আটক, বিভিন্ন মেয়াদে সাজা

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৬, ০৪:৪৫ পিএম
লালপুরে স্বামী-স্ত্রীসহ ৬ জন আটক, বিভিন্ন মেয়াদে সাজা

মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নাটোরের লালপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে স্বামী-স্ত্রীসহ ৬ জনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মধ্যে ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপালপুর পৌর এলাকার বৈদ্যনাথপুর মহল্লার মোঃ মোলাম মন্ডলের ছেলে মাদকসেবী মোঃ বাবুল ইসলাম (২৪), একই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মোহাম্মদ আশরাফুল (৪৬), বিরোপাড়া মহল্লার মৃত খলিলুর রহমানের ছেলে মোঃ আসলাম (৪৮) এবং বিজয়পুর মহল্লার মোসলেম উদ্দিনের ছেলে মাদক পরিবহনকারী সাইদুর (৩৬)-কে হাতে-নাতে আটক করা হয়।

অভিযান শেষে লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকসেবী বাবুল ইসলাম, আশরাফুল ও আসলামকে প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ডসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া মাদক পরিবহনকারী সাইদুরকে ১০০ টাকা অর্থদণ্ডসহ ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এদিকে একই দিন রাত পৌনে ৯টার দিকে উপজেলার মোমিনপুর উত্তরপাড়া গ্রামীণ সড়কে যানবাহন তল্লাশিকালে আরও একটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ১০ পিস ইয়াবা ও ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোহরকয়া গ্রামের ইমরান আলীর ছেলে ইমো হ্যাকিংয়ের সঙ্গে জড়িত ও মাদক ব্যবসায়ী সাঈদ হাসান সাগর (৩৩) এবং তার স্ত্রী (২৫)-কে আটক করা হয়। অভিযানে তাদের ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি সুজুকি জিক্সার (১৫০ সিসি) মোটরসাইকেল, নগদ ৯১০ টাকা এবং ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় লালপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, ইমো হ্যাকিং কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত সাঈদ হাসান সাগরকে লালপুর থানার মামলা নং-১৯, তারিখ ১৯/০৪/২০২৬, সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর ধারা ১৭(১)(ক)(খ)/২৭ অনুযায়ী গ্রেপ্তার দেখানোর আবেদন আদালতে প্রেরণ করা হয়েছে। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আটককৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে লালপুর উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”