কয়েক কোটি টাকা জালিয়াতি ও প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে বরিশালের এয়ারপোর্ট থানায় একটি, ঝালকাঠিতে তিনটি এবং বরগুনার বামনা থানায় সাতটি মামলায় ওয়ারেন্ট রয়েছে।
ওসি আরও বলেন, মামলার পর থেকেই ভোলার মনপুরা উপজেলার পিআইও বিজন কৃষ্ণ খরাতী পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে নজরদারি চালানো হচ্ছিলো। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, আজ শনিবার তাকে আদালতে হাজির করা হবে।
জানা গেছে, সম্প্রতি বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে চেক জালিয়াতি এবং সরকারি প্রকল্পের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগের পর গত দুই সপ্তাহ ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এর ছয় দিনের মাথায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।