বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সদস্য, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মো. ফারহান হোসেন নান্নুর ওপর অর্তকিতভাবে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে এলাকার এক চিহ্নিত ভূমিদস্যু। হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ক্ষোভে ফুঁসে উঠেছেন। তারা অনতিবিলম্বে হামলাকারীকে গ্রেপ্তারের জন্য থানা পুলিশের কাছে দাবি করেছেন। একই দাবি জানিয়ে বিবৃতী দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। হামলায় গুরুত্বর আহত হয়ে গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক ফারহান হোসেন নান্নু বলেন, সম্প্রতি সময়ে তিনি গৌরনদী বড়বাড়ি এলাকায় জমি ক্রয় করে বাড়ি নির্মান করেন। জমি ক্রয়ের শুরু থেকে বাড়ি নির্মান পর্যন্ত তাকে বিভিন্ন ধরনের হয়রানী করে আসছে স্থানীয় চিহ্নিত ভূমিদস্যু ও প্রতারক হিসেবে পরিচিত জনৈক আশরাফ হোসেন।
সাংবাদিক নান্নু আরও বলেন, তার নির্মিত বাড়ি থেকে তাকে উৎখাতের জন্য দীর্ঘদিন থেকে আশরাফ নানা ষড়যন্ত্র করে আসছে। তারই ধারাবাহিকতায় ওই এলাকায় (বড়বাড়ি) থাকতে হলে তার (আশরাফ) কথামতো চলাচল করতে হবে শ্বাসিয়ে দেন। ঘটনারদিন শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সাংবাদিক নান্নু স্থানীয় একটি ওষুধের দোকান থেকে ওষুধ ক্রয় করতে গেলে ভূমিদস্যু আশরাফ অর্তকিতভাবে তার (নান্নু) ওপর হামলা চালায়। এতে তিনি গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সাংবাদিক ফারহান হোসেন নান্নুকে হাসপাতালে ভর্তি করার বেশ কিছু সময় পর নাটকীয়ভাবে আশরাফ হোসেনকে হাসপাতালে এনে ভর্তি করা হয়। এসময় আশরাফের সাথে আসা তার পরিবারের সদস্যরা দাবি করেন সাংবাদিক নান্নুর হামলায় আশরাফ হোসেন আহত হয়েছেন। তবে হাসপাতালের কত্যর্বরত চিকিৎসকেরা জানিয়েছেন, তার (আশরাফ) শরীরের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। খবর পেয়ে তাৎক্ষনিক গৌরনদীর সাংবাদিক নেতৃবৃন্দরা হাসপাতালে উপস্থিত হয়ে হামলার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে হামলাকারী আশরাফকে গ্রেপ্তারের জন্য থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক ও তার স্বজনদের সাথে কথা বলেছেন। হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।