নওগাঁর মহাদেবপুরে রবিবার বেলা ১১টায় সদর ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) ও ওয়েভ ফাউন্ডেশন কৎক বাস্তবায়নাধীন জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্পের কার্যক্রমের অংশ হিসাবে এই সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা লোকমোর্চা কমিটির ২৫জন সদস্য অংশগ্রহণ করেন। মহাদেবপুর উপজেলা লোকমোর্চা কমিটির চেয়ারপার্সন মো. লিয়াকত আলী বাবলু এর সভাপতিত্বে এবং গেটকা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর ময়না রাণীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী অনিরুদ্ধ রায়। উপজেলা কো-অর্ডিনেটর ময়না রাণী প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, ফলাফল, লোকমোর্চা কমিটির কাজের অগ্রগতি, ইউনিয়ন লোকমোর্চা কমিটির সভার ফাইন্ডিংস ও পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন। এ সময় প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মো. আতাউর রহমান উপজেলা লোকমোর্চা কমিটি আগামীতে কি ধরণের উদ্যোগ নিতে পারে সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। সভায় সিদ্ধান্ত গৃহিত হয় যে, উপজেলা লোকমোর্চা কমিটির সদস্যরা সভায় ইউনিয়ন হতে প্রাপ্ত সদস্যাগুলো চিহ্নিত করবেন এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবেন। সভায় মতামত প্রদান করেন এনায়েতপুর ইউনিয়ন লোকমোর্চা চেয়ারপার্সন মো. হারুন অর রশিদ, খাজুর ইউনিয়ন লোকমোর্চা চেয়ারপার্সন মো. নজরুল ইসলাম, উত্তরগ্রাম লোকমোর্চা চেয়ারপার্সন কাজী সোবহান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেতা দিপংকর লাকড়া, ইউপি সদস্য জান্নাতুল ফেরদৌস প্রমুখ। উল্লেখ্য বিএসডিও ও ওয়েভ ফাউন্ডেশন যৌথভাবে সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রুপের কারিগরী সহায়তায় নওগাঁ জেলার মহাদেবপুর, সাপাহার ও মান্দা উপজেলায় ৩০ মাস মেয়াদী জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন প্রকল্প বাস্তবায়ন করছে।