জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা জোরদার করতে পিরোজপুরে পরিবেশ সাংবাদিকদের সাথে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় পিরোজপুর প্রেস ক্লাবে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) আয়োজিত ‘এনগেজ’ প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পরিবেশ সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক খেলাফত হোসেন খসরু। সঞ্চালনা করেন কোডেকের এরিয়া অফিসার প্রশান্ত ব্যানার্জী। অনুষ্ঠানে কোডেকের ‘এনগেজ’ প্রকল্পের আওতায় পরিচালিত কার্যক্রম তুলে ধরে একটি ভিডিও প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। প্রকল্পের সামগ্রিক কার্যক্রম, লক্ষ্য ও পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী শংকর কুমার বিশ্বাস। এছাড়া প্রকল্পের ধারণা, বাস্তবায়ন কৌশল এবং পরিবেশ সাংবাদিকদের সম্পৃক্ততার গুরুত্ব বিষয়ে আলোচনা করেন টেকনিক্যাল অফিসার কাজী ছানী ফেরদৌস। সভায় জানানো হয়, জেলার পিরোজপুর সদর, জিয়ানগর ও মঠবাড়িয়া-এই তিন উপজেলার মোট ২৫ জন সাংবাদিককে নিয়ে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি, তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কণ্ঠ তুলে ধরার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সঠিক তথ্য, অনুসন্ধানী প্রতিবেদন এবং জনসম্পৃক্ততার মাধ্যমে পরিবেশ রক্ষায় সাংবাদিকদের আরও সক্রিয় হতে হবে।পরিচিতি সভার মাধ্যমে সাংবাদিকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং পরিবেশ বিষয়ক সংবাদ প্রকাশে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।