ডালিয়ায় তিস্তার পানি বৃদ্ধি, ফসলের ক্ষতির আশঙ্কা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ০৩:২৭ পিএম
ডালিয়ায় তিস্তার পানি বৃদ্ধি, ফসলের ক্ষতির আশঙ্কা

উত্তরাঞ্চলে টানা বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানির স্তর বাড়ায় নদীতীরবর্তী চরাঞ্চলের কৃষকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ, বাড়ছে ফসলের ক্ষতির আশঙ্কা। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ডালিয়া পয়েন্টে গত ২৪ ঘণ্টায় তিস্তার পানির স্তর উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। শনিবার সন্ধ্যায় পানির স্তর ছিল প্রায় ৫০.৪৫ সেন্টিমিটার, যা পরদিন সকালেই বেড়ে দাঁড়ায় প্রায় ৫০.৭০ সেন্টিমিটারে। যদিও এটি এখনো বিপৎসীমার নিচে রয়েছে, তবে উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী ২৪ ঘণ্টায় পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে রংপুর অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, কোথাও কোথাও ১০০ মিলিমিটারেরও বেশি। এর ফলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং অনেক এলাকায় পানি জমে জনদুর্ভোগ বেড়েছে। সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছেন তিস্তা নদীর চরাঞ্চলের কৃষকরা। ডিমলা ও আশপাশের চর এলাকায় ভুট্টা, বাদাম, মরিচ, বোরো ধান, মিষ্টিকুমড়া ও বিভিন্ন সবজির চাষ হয়েছে। টানা বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এসব ফসল তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।  কৃষকদের অনেকেই আগাম ফসল কেটে ঘরে তোলার চেষ্টা করছেন। পানি উন্নয়ন বোর্ডও সতর্কতা জারি করে দ্রুত ফসল ঘরে তোলার পরামর্শ দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তরাঞ্চলে আরও কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে এবং নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।  স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আপনার জেলার সংবাদ পড়তে