লালমনিরহাটে ট্রাকের নিচে পিষ্ট বৃদ্ধ, ঘণ্টাব্যাপি সড়ক অবরোধ

এফএনএস (জিন্নাতুল ইসলাম জিন্না; লালমনিরহাট) : | প্রকাশ: ১ মে, ২০২৬, ০৩:১৭ পিএম
লালমনিরহাটে ট্রাকের নিচে পিষ্ট বৃদ্ধ, ঘণ্টাব্যাপি সড়ক অবরোধ

‎লালমনিরহাট সদর উপজেলায় পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ট্রাকের নিচে চাপা পড়ে মনছের আলী (৬৩) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎শুক্রবার (১ মে) সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

‎নিহত মনছের আলী ওই এলাকার মৃত পয়ের উল্ল্যাহর ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ ও স্থানীয় সূত্র।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আজ সকালেও মনছের আলী তার বাড়ির পাশের মরিচ ক্ষেতের মরিচ গাছ তদারকি করতে গিয়েছিলেন। এসময় রংপুর থেকে লালমনিরহাট অভিমুখী একটি পণ্যবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-২১৭৭) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। দুর্ভাগ্যবশত, ক্ষেতের পাশে দাঁড়িয়ে থাকা মনছের আলী ট্রাকটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনগন উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তারা নিরাপদ সড়কের দাবিতে এবং ঘাতক ট্রাকটির বেপরোয়া গতির প্রতিবাদে তারা লালমনিরহাট-রংপুর মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে সড়কের দুপাশে যানবাহন আটকা পড়ে সাধারণ যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েন।

‎পরবর্তীতে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।

‎লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ট্রাকটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে