গাজীপুরে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ।
গাজীপুরের কালিয়াকৈর সরকারি কলেজ-এর তিনজন শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
রবিবার সকালে কলেজ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক,ছাত্র নেতৃবৃন্দ, এবং শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট তিনজন শিক্ষককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করতে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা শিক্ষা পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করছে।
ছাত্র নেতা তোফায়েল আহমেদ, রাজিব, শামীম, বায়েজিদ, আরিফ, জিহাদ, শামীমা, দৃপ্তি বলেন, “শিক্ষকদের সম্মান নষ্ট করতে এবং কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম ব্যাহত করতে কলেজের ভেতরে জমি দাবী করে ভূমিদস্যু আক্তার হোসেন আকুল পরিকল্পিতভাবে এই মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে এই মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক পরিষদের সম্পাদক সেলিম হোসেন জানান, তারা বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন।
স্থানীয় সচেতন মহলও ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছেন।