বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১১ জুলাই, ২০২৬, ০৩:১৭ পিএম
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে সরকার। তালিকা চূড়ান্ত হওয়ার পর ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।

শনিবার (১১ জুলাই) সকালে কুমিল্লা টাউন হল মাঠে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, কৃষি মন্ত্রণালয় ইতোমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার তথ্য সংগ্রহ করছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

সাম্প্রতিক সময়ে সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রোববার (৫ জুলাই) থেকে বৃহস্পতিবার (৯ জুলাই) পর্যন্ত টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ দেশের কয়েকটি জেলা বন্যাকবলিত হয়। বন্যা ও পাহাড়ধসের ঘটনায় প্রাণহানির পাশাপাশি কৃষি খাতেও ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

বন্যার প্রভাব নিয়ে এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, “আমাদের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে তথ্য সংগ্রহের জনবল রয়েছে। যখনই ফসলের কোনো ক্ষতি হয় তখনই আমরা তাৎক্ষণিকভাবে জেনে যাই। এই বন্যার সময়ও আমরা সেই তথ্যগুলো জেনে যাচ্ছি।”

তিনি বলেন, ধান কাটার মৌসুম শেষ হলেও নতুন করে যেসব ধানের চারা রোপণ করা হয়েছে, তার একটি অংশ পানির নিচে তলিয়ে গেছে। “চারা যদি দীর্ঘ সময় পানির নিচে থাকে তাহলে পচে যাবে। আমরা ধরে নিতে পারি, রোপণ করা চারার প্রায় ২৫ শতাংশ বন্যায় আক্রান্ত হয়েছে। যেখানে বীজ কিংবা চারার সংকট দেখা দেবে, তা মোকাবিলায় কৃষি মন্ত্রণালয় প্রস্তুতি নিয়েছে।”

মন্ত্রী আরও জানান, কোন এলাকায় কত জমি পানির নিচে গেছে এবং পুনরায় আবাদ করতে কত চারা প্রয়োজন হবে, সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। উঁচু এলাকায় নতুন চারা উৎপাদনের উদ্যোগও নেওয়া হয়েছে।

তার ভাষায়, “হয়তো কৃষকের ঘরে বীজ ধান আর নাও থাকতে পারে। তাই আমরা চারাটি সরবরাহ করার চেষ্টা করব।”

মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেন, শুধু ধানচাষিই নন, মৎস্যচাষি, সবজি চাষি, পান, নারিকেল ও সুপারি চাষিসহ সব ধরনের ক্ষতিগ্রস্ত কৃষককে কৃষি কার্ডের আওতায় আনা হয়েছে। “যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকার তাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। খুব দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত হয়ে যাবে।”

এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষের প্রসঙ্গও ওঠে। জবাবে কৃষিমন্ত্রী বলেন, “দীর্ঘদিনের লুটপাটের অভ্যাস অনেকের হয়তো এখনো যায়নি। তবে সবাইকে জেনে রাখতে হবে, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করার পর প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি করেন। তাই এ কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই।”

অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে