গাজীপুরের কাপাসিয়া থানার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে ৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের পাপলা চামুরখি মোড় থেকে একটি প্রাইভেট কার, খেলনা অস্ত্রশস্ত্র, চাপাতিসহ বিভিন্ন জিনিস উদ্ধার করেছে।
থানার প্রেস রিলিজ মারফত জানা যায়, শনিবার দিবাগত রাত ২ টার দিকে কাপাসিয়া থানার এএসআই নজরুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ সদর ইউনিয়নের বলখেলা বাজার এলাকায় টহলরত ছিলেন। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্মকর্তার পরামর্শে পাশ্ববর্তী টহলরত এসআই মোঃ মিলন মিয়ার সহযোগিতা কামনা করেন। পরে একযোগে অতর্কিতে অভিযান চালিয়ে তারা উল্লেখিত স্থান থেকে ৪ জনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলো - শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার প্রতাপনগর গ্রামের মানিক মিয়ার পুত্র মোঃ সাগর (২৪), টাঙ্গাইল জেলার বাসাইল থানার আইসড়া গ্রামের মৃত আঃ আজিজ তালুকদারের পুত্র মশিউর রহমান জুয়েল (৩৫), জয়দেবপুর সদরের বরুদা এলাকার মৃত শহীদ জালাল উদ্দিনের পুত্র নওয়াব আলী (৬০), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রহিমপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র মোঃ সাব্বির (১৫)। তারা সবাই বর্তমানে গাজীপুর সদরের বিভিন্ন স্থানে বসবাস করে।
আটককৃতদের নিকট থেকে একটি পিস্তল সাদৃশ্য খেলনা পিস্তল, একটি শর্টগান সাদৃশ্য খেলনা শর্টগান, একটি চাপাতি, একটি কালো রংয়ের এক্সারসাইজ স্টিক, একটি মাস্টার চাবি, দুইটি এন্ড্রয়েড ও তিনটি মোবাইল ফোন, একটি ধূসর রংয়ের প্রাইভেট গাড়ি (নম্বর: ঢাকা মেট্রো- গ-১২-৬৪০২. জব্দ করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুর রহমান জানান, ডাকাতির প্রস্তুতিকালে আটককৃতরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রি নং- ১৩৬৫ মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোববার সকালে তাদের গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।